অপরাধ ও দুর্ণীতি

নওগাঁর পত্নীতলায় চুরি যাওয়া স্বর্ণ ও নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২

প্রিন্ট
নওগাঁর পত্নীতলায় চুরি যাওয়া স্বর্ণ ও নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২
নওগাঁর পত্নীতলায় চুরি যাওয়া স্বর্ণ ও নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২
⌖ পত্নিতলা
 নওগাঁর পত্নীতলায় আবাসিক ভবনে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণ বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট রাতে পত্নীতলার একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চোরচক্র ভবনের একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে কয়েক ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা ও তদারকিতে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) পত্নীতলা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নাজমুল হাসান (২৮) ও মাহফুজ (২৪) নামে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত নাজমুল হাসান পত্নীতলা উপজেলার সরদারপাড়া এলাকার মো. বেলাল হোসেনের ছেলে এবং মাহফুজ মোল্লাপাড়া এলাকার সৈয়দুল ইসলামের ছেলে। তারা উভয়ে নজিপুর পৌরসভা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১ ভরি ৩ আনা ৮ রতি স্বর্ণ এবং চুরি করা স্বর্ণ বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নাজমুল হাসান ওই আবাসিক ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। চুরির ঘটনায় তিনি চক্রটির নেতৃত্ব দিয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তার মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ