নওগাঁর মান্দা, সদর ও বদলগাছী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের রাতভর মাদকবিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর ২০২৬) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে মান্দা উপজেলার রঘুনাথপুর গ্রামে আরিফ হোসেন (৩০) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরের স্টিলের ট্রাংকের ভেতর থেকে চার কেজি করে পাঁচটি প্যাকেটে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার কুমাইগাড়ী এলাকায় ফারুক হোসেনের ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোশাররফ (৩৩) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘরের চৌকির নিচে বাজারের ব্যাগে রাখা দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
এরপর মোশাররফের দেওয়া তথ্য অনুযায়ী সকাল ১০টার দিকে বদলগাছী উপজেলার নিহিনপুর গ্রামে শিলং (২৩) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি তার সহযোগী আরাফাত (২৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার ও বেচাকেনা প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪








