অপরাধ ও দুর্ণীতি

নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ সেজে ছিনতাই, ৩ জন গ্রেফতার

প্রিন্ট
নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ সেজে ছিনতাই, ৩ জন গ্রেফতার
প্রতিনিধি

নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় জনগণের সহায়তায় তাদের আটক করা হয়। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে মান্দা উপজেলার ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন—দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতাররা ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন। পরে বিপুলের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে ভয়ভীতি দেখান। একইসঙ্গে বিপুলের স্ত্রী, মা ও শাশুড়িকেও ভয় দেখিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র তল্লাশি করেন।

একপর্যায়ে তারা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে বিপুল কুমারসহ স্থানীয় লোকজন তাদের পিছু ধাওয়া করেন।

পরে রাজশাহীর বাঘমারা থানাধীন সিমলা বাজার এলাকায় সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে স্থানীয় জনগণ তাদের আটক করতে সক্ষম হন। এ সময় স্থানীয়রা তাদের মারধর করে বলে জানা গেছে।

খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপার মান্দা থানার অফিসার ইনচার্জকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। পরে মান্দা থানা পুলিশ বাঘমারা থানা পুলিশের সহায়তায় আটক তিনজনকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ