লিড নিউজ

নিরাপদ সড়ক গড়তে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল হতে হবে: নওগাঁর পুলিশ সুপার

প্রিন্ট
নিরাপদ সড়ক গড়তে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল হতে হবে: নওগাঁর পুলিশ সুপার

নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে পরিবহন শ্রমিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। চালকদের অতিরিক্ত গতি পরিহার, মাদকমুক্ত থেকে যানবাহন পরিচালনা এবং যাত্রীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নওগাঁ জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন বাস্তবায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং পরিবহন খাতে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশ সুপার বলেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়; পরিবহন মালিক, শ্রমিক, চালক ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায়ই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব। আইন অমান্য, বেপরোয়া গাড়ি চালানো ও অসচেতনতার কারণেই অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে। তাই প্রত্যেক চালক ও শ্রমিককে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের চলমান বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তারা সড়কে নিরাপত্তা, যানজট নিরসন এবং শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নওগাঁ জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিয়মিত সমন্বয় সভা, সচেতনতামূলক কার্যক্রম এবং ট্রাফিক আইন বাস্তবায়নে সকলের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


সম্পর্কিত সংবাদ