নবজাতকের চিকিৎসার জন্য যাত্রা, ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হালিমা বেগম (৩০) নামে এক নারী। অসুস্থ নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরের একটি হাসপাতালে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম উপজেলার তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী রাজু মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর সকালে তাজপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রথম কন্যাসন্তানের জন্ম দেন হালিমা বেগম। রোববার নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট শহরের একটি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। পরে একটি অ্যাম্বুলেন্সে নবজাতক ও পরিবারের সদস্যদের নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হন তারা।
পথে রাত ৮টার দিকে কাশিকাপন এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা হালিমা বেগম ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালক মুহিবুর রহমানসহ হালিমার পরিবারের আরও চারজন আহত হন।
আহতরা হলেন—হালিমা বেগমের মা রুবেনা বেগম, শাশুড়ি শাহেনা বেগম, শ্বশুর আনহার মিয়া ও ননদ ইমা বেগম। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতকের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাম্বুলেন্সচালক মুহিবুর রহমান উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদ্বারা গ্রামের বাসিন্দা।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দুর্ঘটনায় নবজাতকের মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নবজাতকের চিকিৎসার জন্য যাত্রা, ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের








