অপরাধ ও দুর্ণীতি

নবীগঞ্জ-ইসলামবাগে কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ, নিরাপত্তা চান স্থানীয়রা

বন্দের নবীগঞ্জে কিশোর গ্যাং এর উৎপাত

প্রিন্ট
নবীগঞ্জ-ইসলামবাগে কিশোর গ্যাংয়ের তৎপরতার অভিযোগ, নিরাপত্তা চান স্থানীয়রা
ছবিঃ প্রতিনিধি।
# কিশোর গ্যাং ⌖ বন্দর
নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ ও ইসলামবাগ এলাকায় কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এসব গ্রুপের সদস্যরা চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।স্থানীয়দের অভিযোগ, নবীগঞ্জ গার্লস ওয়াকওয়ে থেকে কদমতলী, দাশেরগাঁও, বাগবাড়ি ও হাসপাতালের পেছনের খালিমাঠসহ বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে কয়েকজন তরুণের জড়িত থাকার অভিযোগ রয়েছে।স্থানীয়দের দাবি, সীমান্ত, মেহেদী, ফারহান, হিমেল ও সিফাতসহ কয়েকজন তরুণের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে সীমান্তের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন স্থানীয় কয়েকজন।এ ছাড়া সিফাতের বিরুদ্ধেও মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা। বিশেষ করে ‘খান ট্যাব’ নামে পরিচিত একটি মাদকসেবী চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি তাদের।স্থানীয়দের আরও অভিযোগ, সনি, সোহাদ, লাবিব, নাজম, শান্ত, লামিয়া, মিমেলসহ আরও কয়েকজন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে ছিনতাই ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সনিকে অপেক্ষাকৃত সিনিয়র হিসেবে দেখা হয় এবং তার নির্দেশনায় অন্যরা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয়—এমন অভিযোগও রয়েছে।স্থানীয়দের দাবি, নবীগঞ্জ ও ইসলামবাগ এলাকায় একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্রুপে ২০ থেকে ৩০ জন তরুণ জড়িত থাকার অভিযোগ রয়েছে। জনসমাগমের সুযোগ নিয়ে মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে বলে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন।এলাকাবাসী নবীগঞ্জ খেয়াঘাট, ফেরিঘাট, ওয়াকওয়ে, কদমতলী, দাশেরগাঁও ও বাগবাড়ি হাসপাতালের পেছনের এলাকাসহ অপরাধপ্রবণ স্থানগুলোতে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনারও দাবি তাদের।তবে স্থানীয়দের করা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।

সম্পর্কিত সংবাদ