দিনাজপুরের নবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারী ও স্কাউট প্রতিনিধিরা উপজেলা পরিষদ চত্বর এবং বিভিন্ন সড়কের পাশে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উদ্বোধনী পর্বে ভিডিও কনফারেন্সও অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ইউএনও বিধান কান্তি হালদার জানান, ডেঙ্গু মশার বিস্তার রোধে উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। এ কাজে স্কাউটস, বিএনসিসি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে।
তিনি নিজ নিজ কর্মস্থল, বাসস্থান, জনসমাগমস্থল ও আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জমে থাকা পানি অপসারণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফয়েজ ইমতিয়াজ, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মিলন এবং নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, পরিচ্ছন্নতায় ইউএনওসহ কর্মকর্তা ও স্কাউটরা








