নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে সরকারি অর্পিত (ভিপি) জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মাসুদ রানা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক রাসেল রানাকে আসামি করার বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন মামলার বাদী ও নিহতের ভাই রিফাত হোসেন। একই সঙ্গে তাকে উদ্ধৃত করে প্রকাশিত আগের সংবাদে তথ্য সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেনের দাবি, তাকে জড়িয়ে ‘ভিত্তিহীন তথ্য’ প্রচার করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
মামলার বাদী রিফাত হোসেন বলেন, তাকে উদ্ধৃত করে প্রকাশিত আগের সংবাদে তার বক্তব্য যথাযথভাবে তুলে ধরা হয়নি। তার দাবি, এ পর্যন্ত কোনো সাংবাদিক সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে বক্তব্য নেননি। মামলার ১৫ আসামিকে তিনি জেনে-বুঝেই আসামি করেছেন এবং তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংঘর্ষ ও তার ভাইয়ের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি মনে করেন।
সাংবাদিক রাসেল রানাকে আসামি করার বিষয়ে রিফাত হোসেনের অভিযোগ, রাসেল রানা আসামিদের আত্মীয়। বিভিন্ন সময়ে তিনি আসামিপক্ষকে তাদের সঙ্গে বিরোধের ঘটনায় সহযোগিতা করেছেন এবং তাদের মারধরে উৎসাহ দিয়েছেন বলে দাবি করেন রিফাত। থানায় তাদের করা বিভিন্ন অভিযোগের বিষয়েও রাসেল রানা আসামিপক্ষকে সহযোগিতা করেছেন বলে অভিযোগ তার। এসব কারণেই তাকে মামলার ১৫ নম্বর আসামি করা হয়েছে বলে দাবি করেন মামলার বাদী।
তবে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেনকে নিয়ে মামলার বাদী রিফাত হোসেন বলেন, ওই সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান কোনোভাবেই জড়িত নন। মামলায় কাউকে আসামি করার বিষয়ে চেয়ারম্যান তার ওপর কোনো ধরনের প্রভাব বা প্ররোচনা দেননি বলেও দাবি করেন তিনি। এমনকি মামলা দায়েরের বিষয়ে চেয়ারম্যান বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কোনো কথা বলেননি বলেও জানান রিফাত।
নিহত মাসুদ রানার বাবা বলেন, তার ছেলেকে মারধর করে হত্যা করা হয়েছে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় এবং মাথায় হাসুয়া দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন তিনি।
এদিকে চেয়ারম্যান আল এমরান হোসেন বলেন, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই থানায় মামলা করেছেন। মামলায় কাকে আসামি করা হবে বা কাকে বাদ দেওয়া হবে—এ বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই। মামলা নিয়ে তিনি কোনো ধরনের সুপারিশও করেননি বলে দাবি করেন চেয়ারম্যান।
চেয়ারম্যান আরও বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের মাধ্যমে তার জনপ্রিয়তা কমানোর উদ্দেশ্যে গণমাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মনে করেন। তার বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করারও আহ্বান জানান তিনি।
ভিডব্লিউবি প্রকল্পের তালিকা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন চেয়ারম্যান আল এমরান হোসেন। সম্প্রতি প্রকাশিত সংবাদে ওই তালিকা প্রণয়ন নিয়ে তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট সময়ে তিনি হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান ও সংশ্লিষ্টরা ভিডব্লিউবি প্রকল্পের তালিকা প্রণয়ন, যাচাই-বাছাই ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেন। ফলে ওই তালিকা তৈরিতে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলে দাবি করেন তিনি।
চেয়ারম্যানের ভাষ্য, ভিডব্লিউবি প্রকল্পে স্বজনপ্রীতির অভিযোগ এবং হত্যা মামলায় সাংবাদিককে আসামি করার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদগুলো একইভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে করা হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
ঘটনার সূত্রপাত গত ১০ সেপ্টেম্বর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের খোর্দ্দ ভূবন এলাকায় ভিপি জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
এরপর ১৬ সেপ্টেম্বর রাতে নিহতের ভাই রিফাত হোসেন বদলগাছী থানায় ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলায় সাংবাদিক রাসেল রানাকেও আসামি করা হয়েছে।
বিষয়টি নিয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, বাদী এজাহার দাখিল করার পর নিয়ম অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। মামলার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মাসুদ হত্যা মামলায় সাংবাদিকসহ ১৫ আসামি, পাল্টাপাল্টি দাবি
ওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নে সরকারি অর্পিত (ভিপি) জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মাসুদ রানা নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক রাসেল রানাকে আসামি করার বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন মামলার বাদী ও নিহতের ভাই রিফাত হোসেন।








