প্রশাসন

মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ছিনতাই, ৩ জন গ্রেপ্তার

প্রিন্ট
মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে ছিনতাই, ৩ জন গ্রেপ্তার
জনগণের সহায়তায় আটক হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার

নওগাঁর মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাতকড়া পরিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় জনগণের সহায়তায় ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।


শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে মান্দা থানাধীন ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের পারইটুঙ্গি গ্রামের বিপুল কুমারের বাড়িতে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন ব্যক্তি নিজেদের ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিপুল কুমারের বাড়িতে প্রবেশ করেন। পরে তারা বিপুল কুমারের বাবা শুকুমার চন্দ্র ও চাচা সবুজ কুমারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একই সঙ্গে বিপুল কুমারের স্ত্রী, মা ও শাশুড়িকেও ভয়ভীতি দেখিয়ে বাড়ির বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র তল্লাশি করেন। একপর্যায়ে তারা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।


বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাদের পিছু নেন। পরে রাজশাহীর বাগমারা থানাধীন সিমলা বাজার এলাকায় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে স্থানীয় জনগণ ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হন। এ সময় উত্তেজিত জনতা তাদের মারধর করে বলে জানা গেছে।


খবর পেয়ে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে যান। পরে মান্দা থানা পুলিশ বাগমারা থানা পুলিশের সহায়তায় আটক তিনজনকে হেফাজতে নিয়ে থানায় আসে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দিনাজপুরের বিরামপুর থানার চাপড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. মানিক হোসেন (৩৪), দক্ষিণ দাউদপুর গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে মো. এনামুল হক এবং ফুলবাড়ী থানার মুক্তারপুর গ্রামের মো. ইউসুফ খলিফার ছেলে মো. মাহবুব হাসান মুন্না (৩৯)।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

সম্পর্কিত সংবাদ