প্রশাসন

কানাডায় ২০৯ বাংলাদেশির ২৪৩ ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, অভিযুক্ত ৫

⎙ প্রিন্ট
কানাডায় ২০৯ বাংলাদেশির ২৪৩ ভিসা আবেদনে  জালিয়াতির অভিযোগ, অভিযুক্ত ৫

কানাডায় ২০৯ বাংলাদেশির জন্য জমা দেওয়া ২৪৩টি অস্থায়ী আবাসিক ভিসার আবেদন ঘিরে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগে পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) গত ২২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমও খবরটি প্রকাশ করেছে।

সিবিএসএর তদন্ত অনুযায়ী, আবেদনগুলোতে কানাডার নাগরিকদের আমন্ত্রণকারী হিসেবে দেখিয়ে ভিসা পাওয়ার ব্যবস্থা করার চেষ্টা হয়েছিল। ২০২৪ সালের জুলাইয়ে কুইবেকের একটি বাসায় যাচাই কার্যক্রমের পর ওই বছরের আগস্টে তদন্ত শুরু হয়। ২০২৫ সালের জুনে কুইবেক ও অন্টারিওতে চারটি তল্লাশি অভিযান চালিয়ে নথিপত্র ও কম্পিউটার সরঞ্জাম সংগ্রহ করেন তদন্তকারীরা। মোট ২৪৩টি আবেদনের মধ্যে ৭৯টি আবেদনের প্রমাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ অক্টোবর চার অভিযুক্ত কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে হাজির হন। পঞ্চম অভিযুক্ত মো. রাকিবুল হাসান বাংলাদেশে অবস্থান করছেন বলে জানানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কানাডার অভিবাসন ও শরণার্থী সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগগুলো আদালতের যাচাইয়ের অপেক্ষায় রয়েছে; কারও অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে, এমন তথ্য নেই। 

সম্পর্কিত সংবাদ