সারাদেশ

দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা

⎙ প্রিন্ট
দীঘিনালা–রাঙামাটি সড়কে চালু যাত্রীবাহী পিকআপ সার্ভিস, ভাড়া ৩০০ টাকা




খাগড়াছড়ির দীঘিনালা থেকে রাঙামাটি যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে চালু হয়েছে নতুন যাত্রীবাহী পিকআপ সার্ভিস। জনপ্রতি ৩০০ টাকা ভাড়ায় প্রতিদিন চলাচল করবে এ সার্ভিস। নতুন এ পরিবহনসেবার মাধ্যমে দুই এলাকার মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় দীঘিনালা বাসস্টেশনের পশ্চিম পাশে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে দীঘিনালা–রাঙামাটি সড়কে যাত্রী পরিবহনের নতুন একটি বিকল্প যুক্ত হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীঘিনালা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় পিকআপটি রাঙামাটির উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে রাঙামাটি থেকে দীঘিনালার উদ্দেশে গাড়ি ছাড়বে দুপুর সাড়ে ১২টায়। এ পথে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য যানবাহন মালিক সমিতির লাইন সম্পাদক নিখিল চাকমা, সমিতির সদস্য কলিং চাকমা, খাগড়াছড়ি জিপ মালিক সমিতির লাইন সম্পাদক মো. নাছির উদ্দীন এবং সদস্য মো. কামাল হোসেন।
নতুন এ সার্ভিস চালুর ফলে দীঘিনালা ও রাঙামাটির মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রয়োজনে ভ্রমণকারীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। প্রতিদিন নির্ধারিত সময়ে গাড়ি চলাচল করায় যাত্রীরা আগে থেকেই যাতায়াতের পরিকল্পনা করতে পারবেন।
সংশ্লিষ্ট পরিবহন মালিকদের এ উদ্যোগ দুই এলাকার সড়ক যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিয়মিত ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিত করা গেলে এ পরিবহনব্যবস্থা স্থানীয় মানুষের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পর্কিত সংবাদ