বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু।
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, বিলাইছড়ি থানার প্রতিনিধি এসআই তৌকির আহমেদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নাজমুল হাসান। এ ছাড়া প্রীতি তঞ্চঙ্গ্যা, সমাজসেবা কার্যালয়ের কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের তথ্যসংগ্রহকারীরা কর্মসূচিতে অংশ নেন। আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সঠিক ও কার্যকরভাবে তথ্য সংগ্রহের নানা বিষয়ে দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তথ্যসংগ্রহকারীরা আগামী এক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন। এ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য উপজেলার সর্বস্তরের জনগণকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।








