চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আদালত সহায়তা কার্যক্রম, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার রোধ, চোরাচালান নিরোধ এবং অনিষ্পন্ন চোরাচালান মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন এবং জেলা সড়ক নিরাপত্তা কমিটির কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার এবং জেলা পরিষদের প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সন্ত্রাস, মাদক, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।








