চট্টগ্রামের পটিয়া উপজেলায় গাছ থেকে কলা চুরির প্রতিবাদ করাকে কেন্দ্র করে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের মরদেহ তার বাড়িতে রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজির পাড়া নতুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তোহা পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এলাকার মৃত আবুল বশরের ছেলে। পুলিশ জানায়, এ ঘটনায় মোহাম্মদ আনোয়ার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি একই এলাকার এজাহার মিয়ার ছেলে। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। [TECHTARANGA-POST:12341] নিহতের ভাগ্নে শওকত মোরশেদের ভাষ্য, আনোয়ার ও বাবুল নামে দুই ব্যক্তি একটি গাছ থেকে কলার ছড়া কেটে নিচ্ছিলেন। বিষয়টি দেখে প্রতিবেশীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মোহাম্মদ তোহাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে চুরির প্রতিবাদ করেন। এ সময় অভিযুক্তরা টর্চলাইট দিয়ে তাকে আঘাতসহ মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, মৃত্যুর পর আনোয়ার নিজেই তোহার মরদেহ তার বাড়িতে পৌঁছে দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
চুরির প্রতিবাদ করতেই নির্মম পরিণতি, নিহত তোহা








