অপরাধ ও দুর্ণীতি

বন্দরে মাদক ও বিভিন্ন মামলায় পুলিশ ও র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৭

প্রিন্ট
বন্দরে মাদক ও বিভিন্ন মামলায় পুলিশ ও র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৭
ছবিঃ প্রতিনিধি।

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ও র‌্যাব-১১-এর পৃথক বিশেষ অভিযানে মাদক, ধর্ষণচেষ্টা মামলা, সাজাপ্রাপ্ত পরোয়ানা ও পুলিশ আইনের মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মো. লুৎফর রহমানের নেতৃত্বে দত্তবাড়ী বউবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় আনোয়ার হোসেনের দ্বিতীয় তলা ভবনের একটি কক্ষ থেকে ১০০ পিস ইয়াবা, ১০ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।


একই রাতে মদনপুরের উত্তর চাঁনপুর হেদায়েতপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. হৃদয় (৩৪) কে গ্রেপ্তার করে পুলিশ।


এছাড়া বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত তিন আসামি আপেল (২৯), মো. রমজান ও মো. মিন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে পুলিশ আইনে মো. মাহিন (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।


অন্যদিকে, পৃথক অভিযানে র‌্যাব-১১ ৮ কেজি গাঁজাসহ মো. তোফাজ্জল হোসেন ওরফে তারেক (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।


বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

সম্পর্কিত সংবাদ