প্রশাসন

বন্দরে চাঁদার দাবিতে ডকইয়ার্ডে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

প্রিন্ট
বন্দরে চাঁদার দাবিতে ডকইয়ার্ডে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২
ছবিঃ প্রতিনিধি।

নারায়ণগঞ্জ, ১৭ আগস্ট: নারায়ণগঞ্জের বন্দরে চাঁদা দাবির অভিযোগে একটি ডকইয়ার্ডে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।


সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হৃদয় (৩০) ও সুলতান মাহমুদ আপন (২৩)। পুলিশ জানিয়েছে, তারা মামলার এজাহারভুক্ত আসামি।


বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বলেন, মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


তিনি আরও জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


মামলা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে বন্দরের নবীগঞ্জ ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় এস এ হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কোম্পানিতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।


এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. ইমান খানকে মারধর করে তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।


পরে এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার মো. ফায়েজ আহম্মেদ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

সম্পর্কিত সংবাদ