বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রাতেই অভিযান পরিচালনা করা হয়।
রাত ৮:০০ টার মধ্যে সকল দোকানপাট, শপিংমল ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার বিধি বাস্তবায়নে ১৯ আগস্ট ২০২৬ বুধবার রাতে কক্সবাজার সদর এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, ইনফিনিটি, জেন্টল পার্ক, ভিভো, আড়ংসহ শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত সময়ের মধ্যেই বন্ধ রাখা হয়েছে, যা খুবই প্রশংসনীয়।
অভিযান পরিচালনার সময় কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা প্রতিপালনে ব্যর্থতা পরিলক্ষিত হলে জেলা প্রশাসনের অভিযানিক দল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে দেয় এবং ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তাদের জানিয়ে দেওয়া হয়।
জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান, পেশাজীবী ও সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান কক্সবাজার জেলা প্রশাসনের অভিযানিক দল।








