রাজনীতি

বান্দরবানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান মন্ত্রীর

⎙ প্রিন্ট
বান্দরবানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, যুবশক্তিকে কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান মন্ত্রীর
⌖ বান্দরবান সদর
বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরি এমপি।
প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরি বলেন, বিএনপি প্রতিহিংসা কিংবা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। দলটি জনগণের অধিকার, গণতান্ত্রিক জবাবদিহি, আইনের শাসন ও জাতীয় ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করা জরুরি। তবে বিরোধিতার নামে ভিত্তিহীন অভিযোগ, উসকানি ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও যুবদল জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জনগণের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যুবশক্তিকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, সাশৈপ্রু মারমা, আব্দুল মাবুদ, মশিউর রহমান মিটন ও মোহাম্মদ নেজাম উদ্দিন চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. আবু বক্কর, শাহাদাত হোসেন জনি এবং জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ।
বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবসমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সম্পর্কিত সংবাদ