সারাদেশ

বান্দরবানে ওয়াগোয়াই পোয়ে উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন

⎙ প্রিন্ট
বান্দরবানে ওয়াগোয়াই পোয়ে উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলন
⌖ বান্দরবান সদর
মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব মাহা ওয়াগোয়াই পোয়ে ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা ২০২৬ উদযাপনের সার্বিক প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল ১১টায় বান্দরবান প্রেসক্লাব কনফারেন্স রুমে বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা উৎসব উদযাপন পরিষদের সভাপতি উ চ নু মং মার্মা। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানান, ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে জেলায় বিরাজমান দুই কমিটির মতবিরোধ নিরসনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যস্থতায় একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছিল।
উ চ নু মং মার্মা বলেন, “আমরা উৎসবের বিভাজন দূর করে একযোগে ও ঐক্যবদ্ধভাবে ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সম্মত ছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, অপর কমিটি আমাদের সেই সমন্বিত উদযাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।”
তিনি পার্বত্য জেলার সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, “সম্প্রীতির বান্দরবানে আমরা কোনো ধরনের সংঘাত, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উৎসব পালন করতে পারে, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সচেতন মহল ও স্থানীয় প্রতিনিধিরা জানান, এর আগে অনুষ্ঠিত মাহা সাংগ্রাই উৎসবেও দুই গ্রুপের পৃথক উদযাপনের উদ্যোগ তৈরি হলে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সামাজিক সম্প্রীতি রক্ষার্থে উ চ নু মং মার্মা ও তার কমিটি উৎসব উদযাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এ বছর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, অপর কমিটি নমনীয়তা দেখিয়ে উ চ নু মং মার্মার কমিটিকে সুযোগ দেবে কিংবা উভয় পক্ষ মিলে সমন্বিতভাবে উৎসবটির আয়োজন করবে।
সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উ ক্য সিং মার্মা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এন এ জাকিরসহ উদযাপন পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: বান্দরবান উৎসব উদযাপন পরিষদের সভাপতি উ চ নু মং মার্মা ও সাধারণ সম্পাদক উ ক্য সিং মার্মার সাক্ষরিত অনুষ্ঠানসূচী অনুযায়ী, গতকাল ২১ অক্টোবর বিকাল ৩:০০ ঘটিকা থেকে শুরু হওয়া ছয়দিন ব্যাপী নানা‌ কর্মসূচির সমাপ্তি ঘটবে আগামী ২৬ অক্টোবর সন্ধ্যা ৭:০০ ঘটিকায়। ২১ অক্টোবর বুধবার বিকালে ছিলো হ্যান্ডবল উদ্বোধনী, ২৪ অক্টোবর শনিবার বিকাল ৩:০০ ঘটিকায় হ্যান্ডবল টুর্ণামেন্ট এর ফাইনাল ম্যাচ, ২৫ অক্টোবর রবিবার সকাল ৫:০০ ঘটিকায় ম্যারথন প্রতিযোগিতা, বিকাল ৩:০০ ঘটিকায় দায়ক দায়িকা ও সর্বসাধারণের পূজার উদ্দেশ্যে মঙ্গল রথযাত্রা, ২৬ অক্টোবর সোমবার সকাল ৫:০০ ঘটিকায় বিহারের পূজার উদ্দেশ্যে মঙ্গল রথযাত্রা, সন্ধা ৬:০০ ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চুলামণি জাদির উদ্দেশ্যে ফানুস উত্তোলন এবং সন্ধা ৭:০০ ঘটিকায় বিভিন্ন পাড়া ভিত্তিক পিঠা তৈরি উৎসব এর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে মাহা ওয়াগোয়াই পোয়ে ও শুভ প্রবারণা পূর্ণিমা ২০২৬।

সম্পর্কিত সংবাদ