তথ্যপ্রযুক্তি

জানুয়ারিতে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির

⎙ প্রিন্ট
জানুয়ারিতে এনইআইআর চালুর পরিকল্পনা বিটিআরসির

অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট শনাক্ত এবং কর ফাঁকি নিয়ন্ত্রণে জাতীয় সরঞ্জাম শনাক্তকরণ নিবন্ধন ব্যবস্থা বা এনইআইআর (NEIR) পুনরায় সক্রিয় করার দুই ধাপের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি প্রথম ধাপ কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিটিআরসির কমিশন সভার নথির বরাতে বাসস জানিয়েছে, অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, চোরাচালান ও অননুমোদিত বিক্রির কারণে প্রতিবছর প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব হারানোর হিসাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রথম ধাপে বর্তমানে মোবাইল নেটওয়ার্কে চালু থাকা হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বৈধ আমদানিকারক ও দেশীয় উৎপাদকদের অবিক্রীত হ্যান্ডসেটের আইএমইআই তথ্য যুক্ত করা হবে। পরবর্তী ধাপে মালিকানা যাচাই ও ক্লোন করা হ্যান্ডসেট শনাক্তের সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে।

এনইআইআর ব্যবস্থাটি ২০২১ সালের জুলাইয়ে পরীক্ষামূলকভাবে চালু হলেও এর কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম সক্রিয় করা হয়নি। নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পূর্বানুমোদন নিতে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর কথা রয়েছে। ফলে জানুয়ারিতে ব্যবস্থা চালুর লক্ষ্য থাকলেও প্রয়োজনীয় অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে এটিকে চূড়ান্ত কার্যকর সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যাবে না। 

সম্পর্কিত সংবাদ