রাজশাহী সিটি করপোরেশনে মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ জাহাঙ্গীর, সিলেটে মহানগর জামায়াতের নায়েবে আমির নূরুল ইসলাম বাবুল এবং ময়মনসিংহে মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে।
এর আগে ঢাকা উত্তর সিটিতে মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)-এর নাম প্রাথমিকভাবে ঠিক করা হয়। এছাড়া চট্টগ্রামে মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে হাফিজুর রহমান, বরিশালে মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে এ টি এম আজম খান, খুলনায় মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মোহাম্মদ আবদুল জব্বারের নাম রয়েছে প্রাথমিক তালিকায়।
তবে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, স্থানীয়ভাবে ১১ সিটির প্রার্থীর নাম ঘোষণা হলেও আনুষ্ঠানিক ঘোষণার আগে কাউকেই চূড়ান্ত প্রার্থী বলা হচ্ছে না। দলের মজলিশে শুরায় তালিকা চূড়ান্ত করে স্থানীয় সরকার নির্বাচনের আগে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে এখনো প্রার্থী যাচাই-বাছাই চলছে। দুই সিটিতেই একাধিক নাম বিবেচনায় রয়েছে। জামায়াতের আগামী নির্বাহী পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।








