নওগাঁ সদর উপজেলার ৯ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ইলশাবাড়ী গ্রামে ঘাস কাটার মেশিনে হাত কেটে গুরুতর আহত হয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় যুবক জনির পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সমাজসেবক, যুবদল নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী সামিউল ইসলাম পারভেজ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৬টায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইলশাবাড়ী স্কুলের দক্ষিণ পাশে জনির বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। একই সঙ্গে আহত জনির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও করেন।
ইলশাবাড়ী গ্রামের আহাম্মাদের ছেলে জনি পেশাগত কাজ করার সময় অসাবধানতাবশত ঘাস কাটার মেশিনে হাত কেটে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর থেকে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন এবং কোনো ধরনের কাজ করতে পারছেন না। এতে পরিবারের উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও খাদ্য সংকটে পড়েছে পরিবারটি।
জনির অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন যুবদল নেতা সামিউল ইসলাম পারভেজ। ব্যক্তিগত উদ্যোগে তিনি পরিবারের এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করে তাঁদের বাড়িতে পৌঁছে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম হুইল গুঁড়া, ১ লিটার ভোজ্যতেল ও একটি সাবান।
এদিকে আহত জনির চিকিৎসায় সহায়তার জন্য নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধনুর মাধ্যমে বিশেষ তহবিল থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে বলে জানান সামিউল ইসলাম পারভেজ। পরে তিনি ওই অর্থের খাম জনির হাতে তুলে দেন।
এ সময় সামিউল ইসলাম পারভেজ বলেন, “আমার জন্য দোয়া করবেন। বিগত দিনেও যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আর্থিক সহযোগিতা ও বিভিন্নভাবে সহযোগিতা করেছি, তা চলমান থাকবে। আপনারা বিপদে-আপদে যেমন আমার পাশে দাঁড়াবেন, আমিও আপনাদের পাশে দাঁড়াব।”
খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা পেয়ে জনির পরিবারের সদস্যরা সামিউল ইসলাম পারভেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








