অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডিনিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, স্ট্রোকের পর তৌফিক ইমরোজ খালিদীর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিডিনিউজের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান জাহেদুল আই খান জানান, ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে গিয়েছিলেন তৌফিক ইমরোজ খালিদী। কয়েক দিনের মধ্যেই তার দেশে ফেরার কথা ছিল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) লন্ডনে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কয়েকটি সংবাদমাধ্যম তার মৃত্যুর কারণ হিসেবে মস্তিষ্কে রক্তক্ষরণের কথা জানিয়েছে।
তৌফিক ইমরোজ খালিদী দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংবাদিকতা ও ডিজিটাল সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। বিডিনিউজের নিজস্ব তথ্য অনুযায়ী, ২০০৬ সালের জুনে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। পরে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুনভাবে যাত্রা শুরু করে।
তিনি বিবিসিতেও সাংবাদিক হিসেবে কাজ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।








