তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ আগামী ২০২৭ সালে শুরু করা সম্ভব হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। তিস্তা ও আশপাশের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ এসসি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারীদের সক্ষমতা বৃদ্ধি, খেলাধুলার মানোন্নয়ন এবং ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে সরকারের উদ্যোগ তুলে ধরার পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধেও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১১টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী দেওয়া হয়।
একই আয়োজনে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭৫০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়।








