বগুড়া সদর উপজেলায় জ্বালানি তেল পরিমাপে অনিয়মের অভিযোগে মেসার্স নর্থ বেঙ্গল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। রবিবার (৮ মার্চ) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। অভিযানকালে বাইপাস রোডের তিনমাথা রেলগেট এলাকায় ফিলিং স্টেশনে তেল পরিমাপে কম দেওয়ার পাশাপাশি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ প্রদর্শন করতে না পারায় তাদের ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ জরিমানা ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ২৯ ও ৪৬ ধারা অনুযায়ী আরোপ করা হয়েছে।
পরিদর্শনের সময় মেসার্স অতিথি ফিলিং স্টেশনে তেলের মজুদ শেষ থাকায় বিক্রয় বন্ধ পাওয়া যায়। পরে স্টোরেজ ট্যাংকের পরিমাপ ও ক্যালিব্রেশন যাচাই করা হয়। ক্যালিব্রেশন সনদের মেয়াদোত্তীর্ণ থাকায় দ্রুত নবায়নের পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে মেসার্স নিরালা ফিলিং স্টেশনে ডিজেল পরিমাপ যাচাই করা হলে তা সঠিক পাওয়া গেছে।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া অফিসের কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ শাহানূর হোসেন খান, ফিল্ড অফিসার।
আপনার মতামত লিখুন