বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়ায় অবস্থিত ‘সারাবেলা লাচ্ছা সেমাই’ কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন বগুড়া, র্যাব-১২ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ উপস্থিত ছিলেন। অভিযানে দেখা যায়, কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, সংরক্ষণ ও মোড়কজাত করা হচ্ছিল। পচা ময়লা ও আবর্জনার পাশে খাদ্য প্রস্তুত এবং সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া ডালডা গলানো ও পোড়া তেল ব্যবহার করে সেমাই তৈরি করা হচ্ছিল। কারখানার শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার কোনো উদ্যোগ দেখা যায়নি। উৎপাদন কার্যক্রম অনিবন্ধিত ও মানসনদ ছাড়া পরিচালিত হচ্ছিল। অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটি ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ২৪০ কেজি অননুমোদিত রাসায়নিক রং মিশ্রিত সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদের নেতৃত্বে একটি টিম অংশগ্রহণ করেন।
অভিযানের শেষে প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন