ধর্ষণের ঘটনা আড়াল করতে ভুক্তভোগী কিশোরীকে অপহরণের পর হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে নুরাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় নুরা পালানোর চেষ্টা করলে তাকে প্রায় এক থেকে দুই মাইল ধাওয়া করে নিয়ন্ত্রণে নেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে তার গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
প্রায় একই সময়ে মামলার অপর আসামি হযরত আলীকেও ময়মনসিংহের গৌরিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুই আসামিকে পৃথক অভিযানে আটক করা হলেও পুরো অভিযানের তদারকি ছিল সমন্বিতভাবে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক। তিনি জানান, ঘটনার পরপরই আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক বিশেষ টিম দেশের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণ ও হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় মোট নয়জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর আসামিরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে গেলে তাদের অবস্থান শনাক্ত করতে প্রযুক্তিনির্ভর অনুসন্ধান ও মাঠপর্যায়ের তৎপরতা চালানো হয়। এর অংশ হিসেবে পৃথক দুটি টিমকে গাজীপুর ও নরসিংদী অঞ্চলে দায়িত্ব দেওয়া হয়। ধারাবাহিক অভিযানের ফলেই প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত নুরা ও হযরত আলীকে নরসিংদীতে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ নৃশংস ঘটনায় জড়িত অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন