দেবীগঞ্জ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক মহাদেব চন্দ্র রায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস ও প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে। তিনি বিদ্যালয়ে ইংরেজি সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
ঘটনা ঘটে গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে, যখন ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের জন্য ছবি তুলতে বিদ্যালয়ে যান। স্কুল বন্ধ থাকায় এবং ছবি তুলতে দেরি হওয়ায় তারা চলমান বিশেষ ক্লাসে উপস্থিত হন। অভিযোগে বলা হয়েছে, শিক্ষক প্রথমে শিক্ষার্থীদের কিছু সময় শ্রেণিকক্ষের বাইরে দাঁড় করিয়ে রাখেন এবং পরে ক্লাসে প্রবেশ করতে দেন। এরপর তাদের বলা হয়, বাধ্যতামূলক বিশেষ ক্লাসে উপস্থিত হতে হবে এবং একই সঙ্গে প্রাইভেট তার কাছে পড়তে হবে। শিক্ষার্থীদের ভয় দেখানো হয় যে, প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিক পরীক্ষায় নম্বর কম দেওয়া হবে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ক্লাসরুমে প্রবেশের পর শিক্ষক দেরিতে আসার কারণ জানতে চান এবং পরদিন থেকে সময়মতো আসার নির্দেশ দেন। পরে শিক্ষার্থীদের বলা হয়, প্রাইভেট তার কাছে পড়তে হবে, অন্য কোথাও পড়লে অর্ধবার্ষিক পরীক্ষায় মার্ক কম দেওয়া হতে পারে। একজন শিক্ষার্থীর মা অভিযোগ করেন, রমজানের ছুটির মধ্যেও বিদ্যালয়ে বিশেষ ক্লাস চলছিল এবং তার সন্তান ও সহপাঠীদের প্রাইভেট বাধ্যতামূলক করার চেষ্টা করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক মহাদেব চন্দ্র রায় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার কাছে প্রাইভেট পড়ার বিষয়ে শিক্ষার্থীদের কিছুই বলা হয়নি। সেদিন আমি অতিরিক্ত ক্লাস নিচ্ছিলাম, তখন তারা আসে। আমি শুধু বলেছিলাম একটু দাঁড়াও, পরে ক্লাসে ঢুকো। আমি জানতাম তারা ছবি তুলতে এসেছে। অতিরিক্ত ক্লাসের বিষয়ে শিক্ষার্থীদের আগে থেকেই অবহিত করা হয় এবং অন্য শিক্ষকরা বিষয়টি জানেন।”
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম রুহুল আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোছাঃ রোকসানা বেগম জানান, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন