রাজনীতি

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

প্রিন্ট
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে অব্যাহতি

বরিশালের বাকেরগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভিডিওটিতে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায় এবং ওই ব্যক্তি শাওন খান বলে দাবি করা হচ্ছে। তবে শাওন খান অভিযোগ অস্বীকার করে ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন।

শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে শাওন খানকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

শাওন খান উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দোলন খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন।

শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে একটি কক্ষের খাটের পাশে বসে এক ব্যক্তিকে ইয়াবা সেবন করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওতে থাকা ব্যক্তিকে শাওন খান বলে দাবি করা হয়। তবে ভিডিওটির উৎস, ধারণের সময় ও স্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টসহ বিভিন্ন মাধ্যমে ভিডিওটি শেয়ার করেন। পরে বিষয়টি উপজেলা ছাত্রদল নেতাদের নজরে এলে শাওন খানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি-আদর্শের পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে শাওন খানকে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন শাওন খান। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।

শাওন খান বলেন, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠানে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে একটি পক্ষ তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে এআই ব্যবহার করে ভিডিওটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, “ভিডিওটি আমাদের হাতে এসেছে। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর দলে কোনো স্থান নেই। জেলার নির্দেশে শাওনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সম্পর্কিত সংবাদ