ভাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তায় প্রশাসনের নানা নির্দেশনা
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। পরিদর্শনকালে পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে আয়োজক ও সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। চান্দ্রা, কালামৃধা ও আজিমনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপজেলা প্রশাসন, ভাঙ্গা থানা পুলিশ, জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপের আয়োজক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আয়োজকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে গুজব ও উসকানিমূলক কর্মকাণ্ডে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। কোনো সন্দেহজনক ঘটনা বা পরিস্থিতি নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্যও বলা হয়। পরিদর্শন করা পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে কালামৃধা বাজার সার্বজনীন দুর্গা মন্দির, বিশ্বাস বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, মালোপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, চান্দ্রা ইউনিয়নের ঘোষবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, মধুসূদন সাহা সার্বজনীন দুর্গা মন্দির, দেওড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির, আজিমনগর সার্বজনীন দুর্গা মন্দির এবং মহাদেব বণিক সার্বজনীন দুর্গা মন্দির। ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মণ্ডপে সিসি ক্যামেরা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।” প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন সম্ভব। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








