শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর!
নিজস্ব প্রতিবেদক:
দেশের শিল্প-কারখানাগুলোতে সংকট শুরুর আগের মতো নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় তিন ঘণ্টা স্থায়ী এই সভায় দেশের প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
সভা শেষে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক গণমাধ্যমকে বলেন, “সমাজের প্রতিটি স্তরের মানুষ জ্বালানি সমস্যায় কমবেশি ভুগছিলেন। গ্যাস ও বিদ্যুৎ সংকট হওয়ার আগে যে অবস্থায় ছিল, আগামীকাল রাত থেকে শিল্প-কারখানাগুলো সেই অবস্থায় ফিরে যেতে পারবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।”
তিনি আরও জানান, সভায় আগামী দিনে দেশে কীভাবে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন করা হবে, তার একটি পরিষ্কার রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে কেবল চলমান সংকটেরই সমাধান হবে না, বরং শিল্পের বিকাশ ও নতুন বিনিয়োগের চাহিদাও পূরণ করা সম্ভব হবে। জ্বালানি সংকট নিরসনে সরকারের সুষ্ঠু বাস্তবায়ন পরিকল্পনা দেখে ব্যবসায়ীরাও আশ্বস্ত হয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, সভায় কর্মসংস্থান, শিল্পায়ন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও খনিজ সম্পদ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, গ্যাসের সমস্যার স্থায়ী সমাধানে সরকার প্রাথমিক পর্যায়ে তিনটি এবং পরবর্তীতে আরও দুটিসহ মোট পাঁচটি এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) স্থাপনের কাজ করছে। এছাড়া, ২০২৮ সালের আগেই তৃতীয় এফএসআরইউ-এর কাজ শুরুর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।








