রুহিয়ায় আগুনে পুড়ে ছাই নিঃস্ব ভ্যান চালকের বসতবাড়ি
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ণুপুর (পুরাতন ঈদগাহ পাড়া) গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে ভ্যানচালক সহেদ আলীর।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ণুপুর (পুরাতন ঈদগাহ পাড়া) গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে ভ্যানচালক সহেদ আলীর। এতে খাদ্যশস্য, নগদ অর্থ ও ঘরের সব আসবাবপত্র পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন প্রত্যক্ষদর্শীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভ্যানচালকের স্ত্রী মোছাঃ রূপবান বেগম জানান, দুপুরে তিনি বাইরের রান্নাঘরে রান্না করছিলেন এবং তার পুত্রবধূ সুরভী আক্তার টিউবওয়েলে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তারা দেখতে পান ঘরের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই একে একে আলমারি, ফ্রিজ, খাট, পরিধেয় বস্ত্র ও ঘরে থাকা সমস্ত মালপত্র ছাই হয়ে যায়। খবর পেয়ে আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু ও সর্বস্ব হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। সহায়-সম্বলহীন এই পরিবারটি এখন জরুরি সরকারি ও বেসরকারি সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন সরজমিনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।








