সারাদেশ

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপি’র সংবাদ সম্মেলন

প্রিন্ট
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপি’র সংবাদ সম্মেলন
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বান্দরবান শহরের রিস্বংস্বং রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের ধর্ম-বর্ণ নির্বিশেষে সাংবিধানিক অধিকার রক্ষা, সাংবিধানিক স্বীকৃতি, দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং বৈষম্যহীন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার তিনটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটিগুলো পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে এ ধরনের উদ্যোগ অতীতে কোনো সরকার গ্রহণ করেনি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

লিখিত বক্তব্যে পিসিএনপি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটিগুলো নিরলসভাবে কাজ করে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধান, সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিতকরণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান জেলা নাগরিক পরিষদের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মো. নাসির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শাহজালাল এবং পৌর নাগরিক পরিষদের সভাপতি সামশুল হক সামুসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ