গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার মাটিয়া ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,বরইতলা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক সালমান মোল্লা (১৮) নিহত হয়।
এসময় আহত লোহাইড় গ্রামের আলমাস মোল্লার ছেলে পরশ মোল্লা (১৬) কে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সড়ক দুর্ঘটনায় লোহাইড় গ্রামের শহীদ মোল্লার ছেলে সালমান মোল্লা নিহত হয়। এবং একজন আহত হয়েছে ৷ আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
মুকসুদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত








