নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ (২১) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলী নয়াপাড়া এলাকার রিপন মিয়ার বাড়িতে পরিচালিত ‘তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসা’য় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ ওই মাদ্রাসায় কর্মরত ছিলেন। শিশুটিকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে অভিভাবকরা সিদ্ধিরগঞ্জ থানায় উপস্থিত হয়ে মৌখিক ও লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে গ্রেফতার করে। ভুক্তভোগী শিশুটির বয়স ১২ বছর।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শিক্ষকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে জানানো হবে।








