লালমনিরহাটে রাতের আকাশে বিরল দৃশ্য, পাশাপাশি চাঁদ ও তারা
লালমনিরহাটের রাতের আকাশে দেখা গেছে এক বিরল ও নান্দনিক দৃশ্য। আকাশে একসংগে দৃশ্যমান হয়েছে কাস্তে চাঁদের খুব কাছাকাছি জ্বলজ্বলে একটি উজ্জ্বল তারা (প্রকৃতপক্ষে এটি তারা নয়, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় শুক্র বা বৃহস্পতি গ্রহের অবস্থান হতে পারে)। প্রকৃতির এই অপূর্ব দৃশ্য স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র কৌতূহল ও মুগ্ধতা সৃষ্টি করেছে।সোমবার রাতে আকাশ পরিষ্কার হতেই সন্ধায় জেলা শহরসহ বিভিন্ন উপজেলার অধিবাসীরা এই মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে পান। চাঁদের একদম ঘেঁষে বাঁকা চাঁদের বাঁকে উজ্জ্বল আলো ছড়াতে দেখা যায় জ্যোতিষ্কটিকে। খালি চোখেই স্পষ্ট দেখা যাওয়া এই দৃশ্যটি এক নজর দেখতে অনেক মানুষকে বাড়ির ছাদে ও খোলা জায়গায় জড়ো হতে দেখা গেছে। মুহূর্তের মধ্যেই এই বিরল মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।স্থানীয় এক বাসিন্দা জানান, "এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। রাতের কাস্তে চাঁদের ঠিক পাশেই এতো উজ্জ্বল একটা আলো দেখতে পাওয়া সত্যিই দারুণ এক অভিজ্ঞতা।"








