ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মো. পরশ (৩৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আতিয়ার শেখের বরাতে জানা যায়, বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরশ। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মো. পরশ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ২১১/এ। তার বাবার নাম মো. লিয়াকত। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য পাওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাতে পরশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।








