নারায়ণগঞ্জের বন্দরে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ধামগড় ও মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে বন্দর উপজেলা ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শফিউল আলম (৪৬) এবং ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি কবির ওরফে মোশারফ হোসেন (৫০)কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া এজাহারনামীয় আসামি মো. রাকিব ওরফে রকি (২৮), লোকনাথ দাস (৩০), হেলাল উদ্দিন (২৫) ও মো. রুবেল (৩০)কে গ্রেপ্তার করা হয়। একই রাতে কুশিয়ারা টিনের মসজিদের মোড় এলাকা থেকে হিমেল (২৬) ও মো. সাগর (২৫)কে গ্রেপ্তার করে পুলিশ।
পৃথক মাদক মামলায় মো. মোখলেছুর রহমান শুভ (৩০), মো. আউয়াল মিয়া (৪৮), মো. জাকারিয়া হোসেন ওরফে শুভ (৩০) ও অপূর্ব (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে জাহিদুর হাসান বাবুকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ২৮ জনের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।








