টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকালে সলিমাবাদ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তেবাড়িয়া বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়। সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিদুল ইসলাম মনি, সদস্য ফনির হোসেন ভূঁইয়া এবং সদস্য মো. সুমন সিকদারসহ অন্যান্য নেতারা। বক্তারা অভিযোগ করেন, জামিলুর রহমান জামিলের ওপর হামলার ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হক জিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুপন খান, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বাদল শেখসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাত প্রায় ১১টার দিকে সলিমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের দাবি। এ ঘটনায় নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।