ফরিদপুরের ভাঙ্গা উপজেলা-এ মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো জিরা চাষের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এতে উন্নত জাতের জিরা চাষ করে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষক অমিত কুমার দাস।
উপজেলার আজিমনগর ইউনিয়ন-এর তারাইল গ্রামের ১০ শতাংশ জমিতে তিনি বারি জিরা-০১ জাতের জিরা চাষ করেছেন। কৃষক অমিত দাস জানান, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী তিনি জমি প্রস্তুত করে জিরা চাষ করেন। ফলন ভালো হওয়ায় তিনি লাভবান হয়েছেন। তিনি বলেন, ভাঙ্গা উপজেলায় এই প্রথম জিরা চাষ করে সফলতা পেয়েছি।
জানা গেছে, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে এই প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। প্রকল্পের মাধ্যমে স্থানীয় কৃষকদের মধ্যে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত জাতের জিরা চাষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা জিলুর রহমান বলেন, জিরার উন্নত জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং উৎপাদনে উৎসাহিত হবেন।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন জানান, প্রদর্শনী প্লটে কৃষি অফিস থেকে বীজ, সারসহ প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। এভাবে জিরা চাষ সম্প্রসারণ করা গেলে দেশে আমদানির ওপর নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।
আপনার মতামত লিখুন