হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার - স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ওসমান হাদির ওপর হামলাসহ নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি ঘোষণা করেন, তাঁকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার প্রদান করবে।
তিনি বলেন, “সবাই তার জন্য দোয়া করবেন। সবার দোয়ায় তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারবেন।”
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, অতি দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই আক্রমণকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস হিসেবে আখ্যায়িত করেন এবং নির্বাচন বানচাল করার যেকোনো ধরনের অপচেষ্টা কঠোর হস্তে দমনের অঙ্গীকার করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সম্মুখসারির জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে, যা কীভাবে এই নিরাপত্তা দেওয়া হবে, তা নির্ধারণ করবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে এবং সবার সহযোগিতায় দ্রুতই হামলাকারীকে ধরা সম্ভব হবে। অপর এক প্রশ্নের জবাবে
তিনি বলেন, তারেক রহমান দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। ফ্যাসিস্টদের গ্রেফতারের সংখ্যা বাড়ানোর ওপর জোর দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই অস্ত্র লাইসেন্স দেওয়া হতো। তবে এখন যারা নির্বাচনে অংশ নেবেন, তারাও যদি হাতিয়ার চান, তাহলে তাদের লাইসেন্স দেওয়া হবে। তাদের কোনো হাতিয়ার সরকারি হেফাজতে থাকলে, তা ফেরত দেওয়া হবে।
তিনি আরও বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার করার জন্য এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অবিলম্বে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭ প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ
আপনার মতামত লিখুন