হাফসা ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত চাপের মুখে
প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫
পাবনায় আলোচিত শিশু রওসান ফেরদৌস হাফসা ধর্ষণ ও হত্যা মামলার তিন আসামিকে সিআইডি ক্রাইম সিনে (ঘটনাস্থলে) নিয়ে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১-এর বিজ্ঞ বিচারক মোরশেদুল আলম এই আদেশ দেন।
এর আগে এই মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা গ্রেফতারকৃত তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করলে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে আসামিদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য না পাওয়ায় বিজ্ঞ বিচারক ডিএনএ পরীক্ষার জন্য ক্রাইম সিনে স্থানান্তরের আদেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী, আজ রবিবার আসামিদের সিআইডি ক্রাইম সিনে ঢাকাতে নেওয়া হচ্ছে।
গত ১৫ নভেম্বর শিশু রওসান ফেরদৌস হাফসাকে ধর্ষণের পর এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা হত্যা করে। এ ব্যাপারে নিহত হাফসার মা ঋতু খাতুন তিন জন নামীয় ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে এই মামলাটি প্রভাব খাটিয়ে ভিন্ন দিকে নিতে একটি রাজনৈতিক মহল সক্রিয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান এই প্রতিনিধিকে জানান, হাফসা ধর্ষণ ও হত্যা ঘটনায় তাঁরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। তবে মামলা তদন্তের স্বার্থে এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করা হবে।
কোনো প্রভাবশালী রাজনৈতিক মহলের চাপ আছে কিনা—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার জানান, সার্বিক ভাবে এই মামলাটি নিয়ে চাপের মধ্যে রয়েছেন। নিহত হাফসার পরিবারের দাবি, মামলাটি থানা পুলিশ তদন্ত করলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মামলাটি জেলা গোয়েন্দা সিআইডি অথবা পিবিআইকে দিয়ে তদন্ত করানোর জন্য তাঁরা পাবনা পুলিশ সুপারের নিকট অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭ প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ
আপনার মতামত লিখুন