নওগাঁর নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের দীঘা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছেন ভূমিহীন দিনমজুর সাজ্জাদ হোসেন (৫৫)। গত মঙ্গলবার (৩ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। আগুনে নগদ অর্থসহ প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
দীঘা গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন জানান, তিনি অন্যের জায়গায় টিন দিয়ে নির্মিত একটি ঘরে বসবাস করতেন। তার স্ত্রী পাশের একটি ইটভাটায় শ্রমিকদের রান্নার কাজ করেন। ঘটনার দিন এশার নামাজের সময় স্বামী-স্ত্রী দুজনই কাজে ছিলেন। এ সময় প্রতিবেশীরা তার ঘরে আগুন জ্বলতে দেখে পাশের টিউবওয়েল থেকে পানি এনে নেভানোর চেষ্টা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবারটি নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছে।
ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তাৎক্ষণিক সহায়তা তহবিল (জিআর) শাখা থেকে দুই প্যাকেট শুকনো খাবার ও একটি কম্বল দেওয়া হয়। পাশাপাশি ঘর মেরামতের জন্য দুই বান্ডিল টিন ও নগদ ছয় হাজার টাকা প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলুর প্রতিনিধি হিসেবে সহায়তা সামগ্রী তুলে দেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সারওয়ার কালাম চঞ্চল।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো: মাহবুবুর রহমান। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীনও জানিয়েছেন, পরিবারটির জন্য প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন