চাঁদপুরের হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা (নিবন্ধন নং- ঢ-০৯৯৬৭) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শনিবার, ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় রাজধানীর নিউ ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশনের মাল্টিপারপাস মিলনায়তনে আয়োজন করা হয়।
সমিতির সভাপতি ও প্রাক্তন হিসাব মহানিয়ন্ত্রক আবুল কালাম আজাদ সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। সাংগঠনিক সম্পাদক মু. ইব্রাহিম খলিল শামীম সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল আলম। এছাড়া প্রাক্তন সভাপতি ও উপদেষ্টা এজেডএম আজিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি ড. মো: শাহাদাৎ হোসেন, সহ সভাপতি নিবাস চন্দ্র মাঝি, আবদুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ আলী এবং কর্মসংস্থান সম্পাদক মো: জিয়াউদ্দিন বাবলু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে হাইমচরবাসী এবং ঢাকায় বসবাসরত হাইমচরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং হাইমচর উপজেলার মানুষের পারস্পরিক ঐক্য ও জনকল্যাণমূলক কাজে সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং হাইমচরবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এরপর উপস্থিত সুধীবৃন্দ একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি স্থানীয়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমিতির ভূমিকার গুরুত্ব আবারও প্রমাণ করেছে।
আপনার মতামত লিখুন