গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধানের বীজ এবং রাসায়নিক সার সহায়তা প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচিটি কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। কৃষকদের মাঝে ধানবীজ ও সার বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৮৪০ জন কৃষকের মাঝে বিঘাপ্রতি ৫ কেজি বোরো উফশী ধানবীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৬০০ জন কৃষকের মাঝে বিঘাপ্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধানবীজ দেওয়া হয়। বীজ ও সার বিতরণের পাশাপাশি কৃষকদের বোরো ধানের চাষাবাদ ও বালাই ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত নির্দেশনাও দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
আপনার মতামত লিখুন