দুর্ঘটনা

ভাঙ্গায় নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজ

পরদিন মিলল লাশ

প্রিন্ট
ভাঙ্গায় নদীতে পাট ধুতে গিয়ে নিখোঁজ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নদীতে পাট ধুতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মিঠু খলিফা কুমার (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবির কান্দা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু খলিফা কুমার ওই গ্রামের মৃত রখিবের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, নদীর ওপার থেকে সাঁতরে এপারে আসার সময় নদীর মাঝখানে হঠাৎ পানিতে তলিয়ে যান মিঠু খলিফা। পরে স্থানীয়রা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে পার্শ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের মনিরকান্দা এলাকার একটি খালে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। পরে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেন। পরে স্বজনরা লাশটি মিঠু খলিফা কুমারের বলে শনাক্ত করেন।

স্থানীয় জব্বার মাস্টার জানান, শনিবার দুপুরে পাট ধোয়ার জন্য নদীর ওপার থেকে সাঁতরে এপারে আসার সময় নদীর মাঝখানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মিঠু খলিফা। নদীতে স্রোত থাকায় লাশটি ভেসে মুকসুদপুরের মনিরকান্দা এলাকার খালের দিকে চলে যায় বলে ধারণা স্থানীয়দের।

একদিন পর লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত সংবাদ