রাজনীতি

রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় -ডাঃ ফাইজা

⎙ প্রিন্ট
রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় -ডাঃ ফাইজা

ঠাকুরগাঁও-১ আসন (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী) জাতীয় সংসদ উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মির্জা ফয়সল আমীনের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তাঁর মেয়ে ডাঃ মির্জা ফাইজা তাসমীম শামন্তী। ​শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে ৩নং রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর কৈ-বাড়ি মসজিদ মাঠ এবং আসাননগর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী পথসভায় তিনি অংশগ্রহণ করেন।​সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মির্জা ফাইজা তাসমীম শামন্তী বলেন, আমার বাবা মির্জা ফয়সল আমিন সারাজীবন এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। তিনি রাজপথের আন্দোলনে যেমন আপসহীন ছিলেন, তেমনি এলাকার উন্নয়নেও প্রতিশ্রুতিবদ্ধ। ঠাকুরগাঁও-১ আসনের মানুষের অধিকার পুনরুদ্ধার ও অবহেলিত জনপদের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই দল তাঁকে মনোনীত করেছে। ​তিনি আরও বলেন, জনগণের মধ্যে ধানের শীষের পক্ষে যে অভূতপূর্ব সাড়া ও ভালোবাসা দেখছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী। আগামী উপ-নির্বাচনে ভেদাভেদ ভুলে ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তবে ইনশাআল্লাহ ধানের শীষের বিপুল বিজয় সুনিশ্চিত। আমি আমার বাবার পক্ষে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি। ​রাজাগাঁও ইউনিয়ন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ মহেবুল্লাহ আবু নুরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু হায়াত মোহাম্মদ নুরনবী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মাস্টার এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজাগাঁও ইউনিয়ন সদস্য সচিব কেশব রঞ্জন রায়। ​এ সময় জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ