সারাদেশ

রাজধানীতে শপিং ব্যাগে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার

প্রিন্ট
রাজধানীতে শপিং ব্যাগে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকায় একটি শপিং ব্যাগের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মাদারটেক বাগানবাড়ি খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপে অভিযান চালায় সবুজবাগ থানা পুলিশ। সেখানে একটি শপিং ব্যাগের ভেতর থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক ২০ বছর। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের বাকি অংশ উদ্ধারে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া দেহাংশের বাইরে শরীরের অন্য অংশ এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া দেহাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অন্য কোথাও তরুণীকে হত্যার পর পরিচয় গোপন এবং লাশ গুমের উদ্দেশ্যে মরদেহ খণ্ডিত করে মাদারটেকের ওই স্থানে ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

সম্পর্কিত সংবাদ