জাতীয়

অস্ত্র হাতে অভিযানের জেরে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

⎙ প্রিন্ট
অস্ত্র হাতে অভিযানের জেরে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনার পর তাঁকে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারসংশ্লিষ্ট একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ওই সময় তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। তবে রোববার রাত পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে অংশ নেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর একজন জনপ্রতিনিধির এভাবে অস্ত্র প্রদর্শন ও অভিযানে অংশ নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। 
এদিকে পুরো ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। অভিযানের সময় আইন লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার বিতর্কের মধ্যেই প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে ইশরাক হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না কিংবা তাঁর পদত্যাগ কার্যকর হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ