রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, অনলাইনে জাল নথি তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।
আটকরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বোংকিরা গ্রামের পিকুল বিশ্বাসের ছেলে আল মুছাব্বির রিয়াদ, যশোরের ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের ইমান আলীর ছেলে রাসেল হোসেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাতানগাছি গ্রামের শহিদুজ্জামানের ছেলে ফাহিম সাদিক এবং একই উপজেলার জলিলপুর গ্রামের সজল আলীর ছেলে সিয়াম আলী।
এসআরবি-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, রেলবাজার এলাকার লাল মিয়ার ভাড়া বাড়িতে বসে দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চালানো হচ্ছিল বলে তাদের কাছে তথ্য ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, চক্রটির মূল টার্গেট ছিল বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিরা। বিভিন্ন দেশের নাগরিকদের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্ডের তথ্য সংগ্রহ বা হ্যাক করে সেসব নথিতে বাংলাদেশি নাগরিকদের ছবি ও তথ্য বসিয়ে জাল নথি তৈরি করা হতো বলে অভিযোগ রয়েছে।
পরে এসব নকল নথি বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি-৬।
মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স আরও জানান, চক্রটির বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।
অভিযানে বিভিন্ন দেশের নামে তৈরি নকল ড্রাইভিং লাইসেন্স, নকল ভোটার আইডি কার্ড, অনলাইনে তৈরি বিভিন্ন জাল নথি এবং কম্পিউটার-সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এসআরবি-৬ জানিয়েছে, প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইনভিত্তিক প্রতারণা ও জাল নথি তৈরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।








